ময়মনসিংহে আটজনের যাবজ্জীবন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রমজান আলী হত্যা ও তাঁর বাড়িতে ডাকাতির মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর এই রায় দেন। রায়ে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ত্রিশাল উপজেলার আকরাইল গ্রামের নাসিরুল হক, সুমন মিয়া, আবদুল আউয়াল, গন্ধখোলা গ্রামের আলমগীর কবীর, আবদুল বাতেন, হুমায়ুন কবীর, সিরাজুল ইসলাম ও জিয়া উদ্দিন। এঁদের মধ্যে জিয়া উদ্দিন পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর রাত একটার দিকে ত্রিশাল উপজেলার আকরাইল গ্রামের ব্যবসায়ী রমজান আলীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস লুট করে। এ সময় রমজান আলী বাধা দিলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে রমজানকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ৩১ সেপ্টেম্বর রমজান আলীর ছেলে আরিফ রব্বানী বাদী হয়ে ত্রিশাল থানায় ১০ জনের নামে হত্যা ও ডাকাতি মামলা করেন। আজ মঙ্গলবার বিকেলে আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। বিচার কাজ চলাকালে দুই আসামির মৃত্যু হওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।