ময়মনসিংহে আমন ধানের ফলন ভালো, দাম কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে এ বছর আমনের ফলন আশানুরূপ হলেও উৎপাদন খরচ বেশি এবং ধানের বাজার দর কম হওয়ায় হিসাব মেলাতে পারছেন না আমন চাষিরা। এতে বিপাকে পড়েছেন বর্গাচাষিরা। ময়মনসিংহের চাষি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ কথা জানা গেছে।অধিদপ্তরের উপপরিচালক নারায়ণ চন্দ্র বসাক প্রথম আলোকে জানান, জেলায় এ বছর রোপা আমন চাষের জন্য দুই লাখ ৫৮ হাজার ৭৬১ হেক্টর জমি লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে আবাদ হয়েছে দুই লাখ ৬৪ হাজার ২০১ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে রোপা আমনের আবাদ হওয়ার কারণ হচ্ছে, বোরো আবাদের চেয়ে আমন আবাদে উৎপাদন খরচ অনেকাংশে কম।বর্গাচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো সরকারি নিয়ম না থাকায় জমির মালিকেরা বিভিন্ন রকমের চুক্তিতে তাঁদের জমি বর্গাচাষিদের দিচ্ছেন। নিয়মিত বর্গাচাষিদের সঙ্গে জমির মালিকের শর্ত থাকে, তাঁরা দীর্ঘ মেয়াদে জমি চাষ করবেন। এ ক্ষেত্রে কোনো মৌসুমেই জমির মালিক বর্গাচাষিকে উৎপাদন খরচের ভাগ দেবেন না এবং উৎপাদিত ফসল প্রতি মৌসুমেই সমান দুই ভাগ হবে। আবার অনেক জমির মালিক বোরো চাষের অধিক খরচের কথা চিন্তা করে শুধু ওই মৌসুমের জন্য তাঁর জমি কোনো বর্গাচাষিকে দিয়ে দেন। সে ক্ষেত্রে উৎপাদ খরচ জমির মালিক ও বর্গাচাষি দুজনই সমান বহন করেন।ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ, ফুলপুরের তারাকান্দা ও ঈশ্বরগঞ্জ উপজেলার নিয়মিত কয়েকজন বর্গাচাষির সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা মূলত আমন ধানের কথা মাথায় রেখেই নিয়মিত বর্গাদার হিসেবে বছরের পর বছর ধরে একই মালিকের জমি চাষ করে আসছেন। তাঁরা অপেক্ষাকৃত কম উৎপাদন খরচের আমন চাষকে লাভজনক বিবেচনা করে বোরো মৌসুমে অতিরিক্ত খরচ করেন। কিন্তু এ বছর আমনের বাজার দরও কম থাকায় ময়মনসিংহের বর্গাচাষিরা বিপাকে পড়েছেন।বর্গাচাষি খাইরুল ইসলামও আমনের বাজার দরে অসন্তোষ প্রকাশ করে বলেন, একজনের দিনমজুরি যেখানে ৩০০ টাকা, সেখানে ৫৫০ টাকা মণ ধান বিক্রি করলে খরচই ওঠে না।ময়মনসিংহের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, জাত ভেদে ধানের বাজার দর ৪৮০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। যদিও ময়মনসিংহের আমন চাষের অর্ধেক ধানই এখনো কাটার বাকি। ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবমতে, ৩ ডিসেম্বর পর্যন্ত রোপা আমনের ৫১ শতাংশ জমির ফসল কাটা হয়েছে, যাতে হেক্টরপ্রতি তিন মেট্রিক টন উৎপাদিত হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধারণা করছে, কাটা না হওয়া ৪৯ শতাংশ জমির ফলন হেক্টরপ্রতি সাড়ে তিন মেট্রিক টনে দাঁড়াবে। এ অবস্থায় সামনের সপ্তাহে ময়মনসিংহে ধানের বাজার দর আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।নারায়ণ চন্দ্র বসাক বলেন, ‘আমরা চাই বর্গাচাষিরাও যাতে তাঁদের পরিশ্রমের ন্যায্যমূল্য পান। ন্যায্যমূল্য না পেয়ে তাঁরা যদি ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলেন, তাহলে তা দেশের জন্য ক্ষতিকর।’ তিনি আরও বলেন, বর্গাচাষের যেহেতু কোনো নীতিমালা নেই, তাই এ বিষয়টি স্থানীয়ভাবেই নির্ধারিত হয়।