ময়মনসিংহে আমন বীজের সংকট, বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় শেষ সময়ে আমন বীজের সংকট দেখা দিয়েছে। বীজসংকটের কারণে আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এই সংকট কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে আমনের বীজ বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানত দুটি কারণে এবার আমনের বীজের সংকট দেখা দিয়েছে। প্রথমত, এবার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) চাহিদার চেয়ে অনেক কম বীজ উৎপাদন করেছে। দ্বিতীয়ত, এবার বন্যার কারণে কৃষকেরা বীজধান রাখতে পারেননি।

বিএডিসির ময়মনসিংহের আঞ্চলিক বীজ বিপণন কেন্দ্র সূত্রে জানা যায়, জেলায় আমনের মোট বীজের চাহিদা সাড়ে ৫ হাজার মেট্রিক টন। বিএডিসির উৎপাদিত বীজের পরিমাণ মাত্র ১ হাজার ৪০২ মেট্রিক টন। বাংলাদেশের কৃষকেরা আমনের ক্ষেত্রে গত বছর পর্যন্ত নিজেদের উৎপাদিত বীজের ওপর নির্ভর করতেন। এতে বিএডিসির বীজ অবিক্রিত থাকত। আমনের ক্ষেত্রে ‘সিড প্রমোশন কমিটি’ বীজের মোট চাহিদার ২০ শতাংশ বিএডিসিকে সংরক্ষণ করতে বলে। বাকি বীজ কৃষক নিজে উৎপাদন করেন। কোনো কোনো কৃষক বেসরকারি কোম্পানির বীজ কেনেন। গত কয়েক মৌসুমে বিএডিসির উৎপাদিত আমনের বীজ অবিক্রিত থেকে গেছে। এ বছর কৃষকের কাছে নিজেদের বীজ না থাকায় তাঁরা বিএডিসির বীজের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর বন্যার কারণে হাওরে ধান না হওয়ায় কয়েক বছরের তুলনায় ধানের দাম বেশি। এ কারণে ময়মনসিংহ জেলার কৃষকেরা বীজধান সংরক্ষণ না করেই ধান বিক্রি করে দিয়েছেন। কৃষকের ঘরে বীজ না থাকায় এ সংকটের সৃষ্টি হয়েছে। জেলায় এ বছর ২ লাখ ১৬ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ময়মনসিংহের ত্রিশাল, গফরগাঁও, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় কৃষকেরা অভিযোগ করেন, কয়েক দিন ধরে ডিলারদের কাছে বিএডিসির বীজ নেই। কিন্তু ডিলারের দোকানের বাইরে ব্যবসায়ীদের দোকানে বেশি দামে বীজ পাওয়া যাচ্ছে। প্রতি কেজি বীজের সরকার-নির্ধারিত মূল্য ৩৪ টাকা। চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীরা সেই বীজ ৫৫-৬০ টাকায় বিক্রি করছেন । অভিযোগ পেয়ে নান্দাইল উপজেলায় ৬০৫ বস্তা ও গফরগাঁও উপজেলায় ১ হাজার ৭০০ বস্তা বীজ জব্দ করেছে স্থানীয় প্রশাসন। নান্দাইলে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে বীজ মজুত করায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক আবদুল মাজেদ বলেন, ‘আমনের বীজতলা তৈরির সময় এখন প্রায় শেষ পর্যায়ে। উপজেলার কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে সমন্বয় করছেন। আশা করি, শেষ সময়ে বীজের সংকট হবে না। ব্যবাসায়ীরা যাতে বেশি দামে বীজ বিক্রি না করতে পারেন, সে জন্য বিভিন্ন স্থানে আমরা অভিযান চালাচ্ছি।’

ঈশ্বরগঞ্জ উপজেলার নওপাড়া গ্রামের কৃষক তারা মিয়া গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, সরকারি বীজ (বিএডিসির) বাজারে কিনতে না পেরে পরে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ টাকা কেজি দরে তিনি কিনেছেন।

একই গ্রামের কৃষক আবুল কাশেম বলেন, সরকারি বীজ না পেয়ে বেশি দামে প্যাকেট বীজ কিনেছেন। কিন্তু ওই বীজের মানের ওপর তাঁর কোনো আস্থা নেই।

বীজের সংকট বিষয়ে বিএডিসির ময়মনসিংহের আঞ্চলিক বীজ বিপণন কেন্দ্রের উপপরিচালক আইয়ুব উল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমনের ক্ষেত্রে চাহিদার ২০ শতাংশ বীজ উৎপাদন করে বিএডিসি। এ বছর আমাদের কাছে চাহিদার প্রায় ২৫ শতাংশ বীজ থাকার পরও কিছুটা সংকট রয়েছে কৃষকদের। কৃষকেরা নিজেরা বীজ উৎপাদন না করায় এ সংকট সৃষ্টি হয়েছে।’