জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী মো. আবুল কাশেম গতকাল সোমবার জবানবন্দিতে বলেছেন, মুক্তিযুদ্ধকালে ময়মনসিংহে আলবদর বাহিনীর নেতৃত্ব দেন ইসলামী ছাত্র সংঘের নেতা আশরাফ ও কামারুজ্জামান। আলবদর ক্যাম্পে বন্দী থাকাকালে আশরাফই তাঁকে এ কথা বলেছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ কাশেমের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন।জবানবন্দিতে আবুল কাশেম (৬২) বলেন, একাত্তরে তিনি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়তেন। তিনি ভারত থেকে কোনো প্রশিক্ষণ না নিয়েই মুক্তিযুদ্ধে অংশ নেন। ৩ ডিসেম্বর তিনি ময়মনসিংহ জুনিয়র ট্রেনিং কলেজের ছাত্রাবাস থেকে আলবদর বাহিনীর হাতে ধরা পড়েন। আলবদরের সদস্যরা তাঁকে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তিনিসহ নয়জন আটক ছিলেন। ৯ ডিসেম্বর রাত আটটা-নয়টার দিকে তিন-চারজন সশস্ত্র লোক ওই ক্যাম্পে তাঁদের আটকে রাখা কক্ষে ঢোকে। সশস্ত্র ব্যক্তিদের মধ্যে তাঁর পূর্বপরিচিত আশরাফ ছাড়া বাকিদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। সে সময় আশরাফ ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) নেতা ছিলেন। তখন আশরাফ বলেন, তিনি ও কামারুজ্জামান ময়মনসিংহে আলবদরের নেতা। এই প্রথম তিনি কামারুজ্জামানের নাম শোনেন, তবে কখনো চোখে দেখেননি। ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত হলে আলবদরের সদস্যরা ক্যাম্প থেকে পালিয়ে যায়। ওই ক্যাম্পে কর্মরত ঝাড়ুদারেরা তাঁদের বন্দিদশা থেকে মুক্ত করেন।জবানবন্দি শেষে কাশেমকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। জেরা আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।আলীমের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৮ অক্টোবর: একই ট্রাইব্যুনালে গতকাল বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী সাইদুর রহমানকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৮ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।