ময়মনসিংহে ইজিবাইকে অতিরিক্ত ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ইজিবাইকের চালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, শহরে অনুমোদিত ইজিবাইকের সংখ্যা ৭৪৫। গত তিন বছরে শহরে তিন থেকে চার হাজার অনুমোদনবিহীন ইজিবাইক চলাচল শুরু করে। এতে ভয়াবহ যানজটে নাকাল হতে থাকে শহরবাসী। এর পরিপ্রেক্ষিতে রোজা শুরু হওয়ার দিন থেকে শহরে অনুমোদনবিহীন সব ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হয়।
শহরের কয়েকজন বাসিন্দা ও ইজিবাইকের যাত্রী বলেন, অনুমোদনহীন ইজিবাইক চলাচল বন্ধ করে দেওয়ায় শহরে যানজট কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু এ সুযোগে অনুমোদিত ইজিবাইকের চালকেরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছেন। সুযোগ কাজে লাগিয়ে রিকশাচালকেরাও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছেন। কোনো কোনো ক্ষেত্রে রিকশাচালকেরা আগের চেয়ে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া চাইছেন। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
ময়মনসিংহ অটোবাইক শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, অনুমোদনবিহীন ইজিবাইক চলাচলের ওপর পৌরসভার ওই নিষেধাজ্ঞা মেনে না চলায় গত ১০ দিনে প্রায় ৫০০ ইজিবাইক জব্দ করেছে পুলিশ।
এদিকে ঈদকে সামনে রেখে ইজিবাইক চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে গত বুধবার দুপুরে জেলা অটোবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের রেলওয়ে স্টেশন চত্বরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সবাবেশে বক্তারা বলেন, অনেকে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আবার কেউ জমি বিক্রি করে জীবিকার তাগিদে ইজিবাইক কিনেছেন। ঈদকে সামনে রেখে হঠাৎ প্রশাসনিক সিদ্ধান্তে ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ওসব চালক পরিবার নিয়ে বিপাকে পড়েছেন। বক্তারা বলেন, গত কয়েক দিনে শ্রমিকদের কষ্টের টাকায় কেনা প্রায় ৫০০ ইজিবাইক পুলিশ ধরে নিয়ে গেছে। এগুলো সযত্নে রাখার কারণে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
পৌরসভার মেয়র মো. একরামের হক বলেন, অনুমোদনবিহীন ইজিবাইকের কারণে যানজট সৃষ্টি হওয়ায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির মাসিক সভার সিদ্ধান্তে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় বিষয়ে মেয়র বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি ইতিমধ্যে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু হয়েছে।