ময়মনসিংহে উদীচীর লোকসংস্কৃতি উৎসব শুরু
ময়মনসিংহে গতকাল শুক্রবার শুরু হয়েছে উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় লোকসংস্কৃতি উৎসব। সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড়ের চর আনন্দীপুর গ্রামে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি যতীন সরকার, বর্তমান সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরকার ছাড়াও কেন্দ্রীয় ও ময়মনসিংহ সংসদের অনেকেই।
উদ্বোধনী বক্তব্যে কামাল লোহানী বলেন, সংস্কৃতি হলো সাম্প্রদায়িকতা নাশের হাতিয়ার। মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে আবহমান বাংলার চিরায়ত অসাম্প্রদায়িক চেতনাকে সাধারণ মানুষের মধ্যে নতুন করে ছড়িয়ে দিতে হবে। যতীন সরকার বলেন, ‘লোকসংস্কৃতি হলো আমাদের শিকড়। লোকসংস্কৃতিই পারে মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে। তাই দেশের গ্রামেগঞ্জে লোকসংস্কৃতির চর্চা আরও বাড়াতে হবে।’
উদীচীর ময়মনসিংহ সংসদ জানায়, লোকসংস্কৃতিকে গ্রামের মানুষের কাছে ছড়িয়ে দিতে এ বছর ব্রহ্মপুত্র পাড়ের একটি নিভৃত গ্রামে উৎসব আয়োজন করা হয়েছে। দুই দিনের উৎসবে থাকবে বাংলার লোকসংস্কৃতি নিয়ে উদীচীর পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।