ময়মনসিংহে পরিবার পরিকল্পনা বিভাগে বিভিন্ন পদে ১০৯ জন নিয়োগের বিপরীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ৩৫২ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে মৌখিক পরীক্ষায় উপস্থিত হয়েছেন কেবল ১৬১ জন। গত ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় ১৯১ জন প্রার্থীই উপস্থিত হননি।মৌখিক পরীক্ষায় উপস্থিত না হওয়া প্রসঙ্গে বঞ্চিত প্রার্থীদের দাবি, আর্থিক সুবিধা নেওয়ার মাধ্যমে পছন্দের লোকদের নিয়োগ দিতে কর্তৃপক্ষ পূর্বঘোষিত নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ না করায় তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি।মৌখিক পরীক্ষা বাতিল এবং পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে গত ৩০ সেপ্টেম্বর মুক্তাগাছা উপজেলার মনিরামবাড়ির বিলকিস আক্তার নিয়োগ কমিটির সভাপতি জেলা প্রশাসক লোকমান হোসেনের কাছে লিখিত আবেদন করেন। একই দাবিতে তিনি ২ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও লিখিত আবেদন করেছেন।বিলকিস আক্তার আরও দাবি করেন, গত ১৫ জুলাই পরিবার পরিকল্পনা বিভাগে বিভিন্ন পদে ১০৯ জন নিয়োগের বিপরীতে কয়েক হাজার শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। গত ৩০ আগস্ট ফল প্রকাশ করা হয়। সেই সঙ্গে জানানো হয়, মৌখিক/ব্যবহারিক পরীক্ষার স্থান ও সময়সূচি আগামী ৫ অথবা ৬ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি আকারে পত্রিকায় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কিন্তু ওই তারিখে ময়মনসিংহ পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, ওয়েবসাইট বা কোনো পত্রিকায় মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি প্রকাশ করা হয়নি। তাই তিনি মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেননি। তিনি উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বঞ্চিত প্রার্থী প্রথম আলোকে বলেন, স্থানীয় কর্তৃপক্ষ আর্থিক সুবিধা নিয়ে পছন্দের লোকদের চূড়ান্ত নিয়োগের জন্য এমনটা করেছে। এ জন্য তাঁরা উপপরিচালক বিরাগ আনন্দ নাথকে দায়ী করেছেন।জেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, মৌখিক পরীক্ষায় উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী পদে সাতজন, পরিদর্শক পদে ১০৫ জন, পরিবারকল্যাণ সহকারী পদে ৪৫ জন ও আয়া পদে চারজন প্রার্থী অংশ নেন। এসব পদের বিপরীতে যথাক্রমে চারজন, ৭০ জন, ৩২ জন ও তিনজনকে নিয়োগ দেওয়া হবে।উপপরিচালক বিরাগ আনন্দ নাথ পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি হয়নি দাবি করে প্রথম আলোকে বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি গত ১৯ সেপ্টেম্বর দৈনিক জনকণ্ঠ এবং ২৩ সেপ্টেম্বর স্থানীয় দৈনিক জাহান পত্রিকায় প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষা সম্পন্ন করে নম্বরপত্র মহাপরিচালক বরাবর সিলগালা করে পাঠানো হয়েছে। ওপরের নির্দেশে ওয়েবসাইটে দেওয়া হয়নি।জেলা প্রশাসক ও নিয়োগ কমিটির সভাপতি লোকমান হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সবকিছু হয়েছে।