ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গত সোমবার হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ ছাড়া মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গত দুই দিনে এক নারী ও এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
হাবিবুর মুরগির খামারের খাদ্য ও মুরগির বাচ্চা সরবরাহের ব্যবসা করতেন। তিনি উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
ফুলবাড়িয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত নয়টার দিকে আছিম বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে হাবিবুর বাড়ি ফিরছিলেন। রামনগর এলাকায় দুর্বৃত্তরা তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রাখে। গতকাল মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
থানার ওসি আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, হাবিবুর হত্যার কারণ এখনো জানা যায়নি।
রাজনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের নন্দীউড়া গ্রামের রবীন্দ্র দেবের ছেলে ঝলক দেব তাঁর এক ভাইয়ের সঙ্গে সিলেটের বাদাঘাট এলাকায় সোনার গয়নার দোকান পরিচালনা করতেন। তিনি গত সোমবার বাড়ির উদ্দেশে বাদাঘাটের দোকান থেকে বেরিয়ে আসেন। কিন্তু ওই দিন তিনি বাড়ি ফেরেননি। গতকাল ভোরে বাড়ির লোকজন বাড়ির সামনের পুকুরপাড়ের একটি কাঁঠালগাছে তাঁর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
এদিকে উপজেলার সুরিখাল থেকে রোকেয়া খাতুন (২৩) নামে এক নারীর লাশ সোমবার উদ্ধার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার খলিল মিয়ার মেয়ে এবং ছালাম মিয়ার স্ত্রী। ছালাম পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। থানার ওসি কামরুল হাসান দুটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।