ময়মনসিংহে এক রাতে পাগলা কুকুরের কামড়ে ৫০ জন আহত
ময়মনসিংহ শহর ও শহরতলির বিভিন্ন স্থানে গত মঙ্গলবার রাতে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা অধিকাংশই ময়মনসিংহের সূর্যকান্ত হাসপাতালে চিকিৎসা নেয়। এ ছাড়া কমপক্ষে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ময়মনসিংহ পৌরসভা, শহর ও শহরতলির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত শহরের মালগুদাম, র্যালির মোড়, ছায়াবানী সিনেমা হল এলাকা, কাছারিঘাট এলাকা, কেওয়াটখালী ও শহরতলির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শম্ভুগঞ্জ, দিঘারকান্দ এলাকায় পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ৫০ জন আহত হয়।
শহরের ওয়াপদার মোড় এলাকার একটি ওষুধের দোকানের বিক্রেতা স্বপন সরকার বলেন, ‘গত মঙ্গলবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার কমপক্ষে ১২ জন কুকুরে কামড়ানো রোগী আমার দোকানে ইনজেকশন নিতে আসে। আমি তাদের হাসপাতালে যাওয়ার পরামর্শ দিই।’
ময়মনসিংহ শহরের কালীবাড়ির সূর্যকান্ত হাসপাতালে গতকাল বুধবার বিকেলে গিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে কমপক্ষে ৪০ জন কুকুরে কামড়ানো রোগী এখানে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। বিকেলে দায়িত্বরত সেবিকা শিপ্রা সেন বলেন, কুকুরের কামড়ে আহত রোগীর চাপ সামাল দিতে গত মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অতিরিক্ত জনবল এখানে আনা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মো. হেলাল বলেন, এখানে কুকুরের কামড়ে আহত তিনজনকে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ পৌরসভার স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, ‘তিনটি পাগলা কুকুর গত মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকায় সাত থেকে আটজনকে কামড়েছে বলে আমরা খবর পেয়েছি। এরপর গতকাল বুধবার ২৫টি পাগলা কুকুর নিধন করা হয়েছে।’ তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবার শহরে পাগলা কুকুর নিধন অভিযান চালানো হবে।