ময়মনসিংহে এসিড নিক্ষেপের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে এসিড নিক্ষেপের দায়ে মো. মনির উদ্দিন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার ময়মনসিংহ জেলা ও দায়রা জজ বিপ্লব কুমার গোস্বামী এ রায় দেন। আসামি মনির পলাতক। মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালে গফরগাঁও উপজেলার দুগাছিয়া গ্রামের ডলি আক্তারের সঙ্গে একই উপজেলার লামকাইন গ্রামের সৌদি আরব-প্রবাসী মনির উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর মনির সৌদি আরবে যান। কিছুদিন পর তিনি দেশে ফেরেন। ২০০৭ সালে আবার বিদেশে যাওয়ার জন্য তিনি ডলির পরিবারের কাছে দেড় লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই দাবিতে তিনি ডলির ওপর নির্যাতন শুরু করেন। যৌতুক না দেওয়ায় ২০০৮ সালের ২২ জুন তিনি ডলিকে তালাক দেন। তালাক দেওয়ার ১১ দিন পর মনির ডলিকে এসিডে ঝলসে দেন। একই বছরের সেপ্টেম্বরে ডলির বাবা বাদী হয়ে এসিড-সন্ত্রাস দমন আইনে মনিরের বিরুদ্ধে মামলা করেন।চলতি বছরের জানুয়ারিতে প্রথম আলো ট্রাস্ট ৫০ হাজার টাকায় ৩৪ শতক জমি বন্ধক নিয়ে ডলি আক্তারকে দেয়।