ময়মনসিংহে কবি লেখকদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক পাঠচক্র বীক্ষণ আসর গতকাল শুক্রবার ৩৫তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে ময়মনসিংহ সাহিত্য সংসদের আয়োজনে দিনভর কবি লেখকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। নানা আয়োজনে উদ্‌যাপিত হয় বীক্ষণ আসরের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

গতকাল ছিল বীক্ষণের নিয়মিত ১ হাজার ৭৪৮তম আসর। আসরের শুরুতে বলা হয়, প্রতি শুক্রবার নিয়মিত পাঠচক্রের আসর করে ৩৫ বছর পূর্ণ করে সংগঠনটি অনন্য নজির সৃষ্টি করেছে।

সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের পারে সাহিত্য সংসদের কার্যালয়ে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করা হয়। এ সময় ময়মনসিংহ সাহিত্য সংসদ ও বীক্ষণ পাঠচক্র আসরের উদ্যোক্তা প্রবীণ রাজনীতিবিদ হামিদুল হক, কবি শামসুল ফয়েজ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর বীক্ষণ পাঠচক্রের জন্মকথা বলেন, হামিদুল হক ও কবি শামসুল ফয়েজ। হামিদুল হক বলেন, ‘বীক্ষণ পাঠচক্রে শুধু সাহিত্য নয়, দেশের প্রয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধবিগ্রহ, সমসাময়িক বিষয়, অর্থনীতি এমনকি চিকিৎসা বিষয়েও আলোচনা হয়েছে। এখনো হচ্ছে। মূলত মানুষের মধ্যে ইতিবাচক মূল্যবোধকে জাগিয়ে তোলার জন্য আমরা বীক্ষণ পাঠচক্রের মাধ্যমে কাজ করেছি।’