ময়মনসিংহে করোনায় আরও একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে আরও একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মঙ্গলবার ছয় ঘণ্টার ব্যবধানে দুজন করোনা রোগীর মৃত্যু হলো। দুজনেই এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।
সিভিল সার্জন এ বি এম মসিউল আলম জানান, রণজিৎ কুমার দাস (২৮) নামে এক তরুণ বেলা আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন। তিনি গত ১৩ জুন করোনা পজিটিভ হন। এরপর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। তাঁর বাড়ি ফুলবাড়িয়া উপজেলার দেবগ্রাম এলাকায়।
এর আগে সকাল সাড়ে আটটায় হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্বপন চন্দ্র (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। স্বপন গফরগাঁও উপজেলা সদরের পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা।
এই দুজনকে নিয়ে জেলায় করোনায় সংক্রমিত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।