ময়মনসিংহে কলেজছাত্র খুন প্রতিবাদে ভাঙচুর, আগুন
ময়মনসিংহের সদর উপজেলায় হালিমুর রেজা (২৬) নামের এক কলেজছাত্রকে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। হালিমুরের বাড়ি সদর উপজেলার দিগারকান্দা গ্রামে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বুধবার হালিমুরের গ্রামের বিক্ষুব্ধ লোকজন জামতলা মোড় এলাকার কয়েকটি দোকান ভাঙচুর ও বসতবাড়িতে আগুন দিয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে হালিমুর বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত গাড়িতে করে পাশের সুতিয়াখালী গ্রামে দাওয়াত খেতে যান। ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে বয়ড়ার জামতলা বাজার এলাকায় রাস্তা অবরোধ সৃষ্টি করে গাড়ি থামিয়ে হালিমুরকে ইট দিয়ে আঘাত করে এবং লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গাড়িতে থাকা তাঁর চার বন্ধুকেও পিটিয়ে আহত করা হয়। এ হত্যার প্রতিবাদে ওই রাতে এবং গতকাল বেলা আড়াইটার দিকে হালিমুরের দিগারকান্দা গ্রামের একদল বিক্ষুব্ধ লোক জামতলা মোড় এলাকায় দোকান ভাঙচুর করে। তারা জামতলা বাজারের পাশের এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা ময়মনসিংহ-গফরগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। জামতলা বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘আমি সাধারণ মানুষ। তারা কেন আমার দোকানটি ভাঙল। এ ছাড়া তারা আমার দোকান থেকে ২৩ হাজার টাকা লুট করেছে।’জামতলা এলাকার অনেকে অভিযোগ করে বলেন, বয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেকের উপস্থিতিতে দোকান ভাঙচুর ও বাড়িতে অগ্নিসংযোগ করলেও চেয়ারম্যান তাদের থামাননি। হালিমুর রেজার বড় ভাই সেলিম মিয়া বলেন, হালিমুর আনন্দমোহন কলেজে স্নাতকোত্তর পড়ার পাশাপাশি মাছ চাষ করতেন। এ ব্যবসা নিয়ে পাশের জামতলা এলাকার লাল মিয়া, জাহাঙ্গীর, আপেল, আনিছ, রাজুসহ কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ ছিল। এর জের ধরে তাঁরা হালিমুরকে হত্যা করেছেন।নিহত হালিমুরের বন্ধু জুয়েল আহমঞ্চদ বলেন, ‘আমি নতুন গাড়ি কিনেছি। তাই বন্ধুদের নিয়ে বেড়াতে গিয়েছিলাম। ফেরার সময় এ ঘটনা ঘটে।’ ইউপি চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ‘স্থানীয় লোকজনের অভিযোগ সঠিক নয়। আমি ভাঙচুর থামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি।’ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল সেলিম বাদী হয়ে ওই পাঁচজনসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তদন্ত করে দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।