ময়মনসিংহে কলেজছাত্র হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি
ময়মনসিংহ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ওই কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। গত বৃহস্পতিবার তারা এই কর্মসূচি পালন করে।
মোতাসিম বিল্লাহকে খুনের ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে খুনের সঙ্গে ময়মনসিংহের অপর একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল পর্যন্ত এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলাও হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের টাউন হল মোড়ে মোতাসিম বিল্লাহকে (১৭) ছুরিকাঘাত করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। মোতাসিম বিল্লাহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাড়ি ফুলবাড়িয়া উপজেলার বরুরা গ্রামে। তার বাবার নাম এমদাদুল হক।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনার পর পুলিশ সাগর নামের এক সহপাঠীকে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কিন্তু সে খুনের কারণ নিয়ে কিছু বলতে রাজি হয়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, শহরের রয়েল মিডিয়া কলেজের একজন শিক্ষার্থীর সঙ্গে মোতাসিমের বিরোধ ছিল। প্রাথমিকভাবে প্রেম-সংক্রান্ত কারণে ওই বিরোধের সৃষ্টি হয়েছিল বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে শহরের গাঙ্গিনার পাড় ট্রাফিক মোড় এলাকায় ও রয়েল মিডিয়া কলেজের সামনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। মিছিলকারীরা মোতাসিম বিল্লাহকে খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানায়।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ এ কে এম আবদুর রফিক প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের ঘটনা দুঃখজনক। পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের বের করবে বলে আশা করি।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার প্রথম আলোকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। তবে পুলিশ ঘটনা তদন্তে কাজ করছে। আশা করি মোতাসিম বিল্লাহকে হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।’