ময়মনসিংহে কৃষক খুন, যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল রোববার প্রতিপক্ষ দুলাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে খুন করেছে। একই দিন ঈশ্বরগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছার খিলগাতি গ্রামের শেখ মনির হোসেন ও ফজর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল দুপুরে ফজর আলীর লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে কাজ করতে গেলে শেখ মনির হোসেনের লোকজন বাধা দেন। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের রামদায়ের কোপে ফজর আলীর ছেলে দুলাল উদ্দিন আহত হন। মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুলাল উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বিকেলে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মামলা হয়নি।
ঈশ্বরগঞ্জ থানার পুলিশ জানায়, উপজেলার কুমারুলী গ্রামের ফিশারির পাড় এলাকায় গতকাল দুপুরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। ঈশ্বরগঞ্জ থানার এসআই রাশেদুল হাসান জানান, শনিবার রাতের কোনো এক সময় ওই যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
জামালপুরে আহত কৃষকের মৃত্যু: জামালপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত জামাল উদ্দিন (৫৫) নামের এক কৃষক গতকাল সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সদর উপজেলার মেষ্টা গ্রামের জামাল উদ্দিনের সঙ্গে একই গ্রামের ফরহাদ ও নজরুলের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। গত মঙ্গলবার দুপুরে জামাল ওই জমিতে আইল কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালান। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।