ময়মনসিংহে কেন্দ্রের সামনে ভোট প্রার্থনা ও মিছিল
উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহে ভোট গ্রহণকালে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। একটি কেন্দ্রের সামনে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর লোকজন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট প্রার্থনা করেন। আরেক প্রার্থীর পক্ষে মিছিল করা হয়। এ ছাড়া প্রতীক ও ছবিযুক্ত স্টিকারে ভোটার নম্বর লিখে দেওয়া এবং ভোটারদের পরিবহনের জন্য প্রার্থীদের পক্ষ থেকে যানবাহন ব্যবহার করতেও দেখা গেছে।
বিকেল পৌনে চারটার দিকে ময়মনসিংহ শহরের নাসিরাবাদ কলেজ ভোটকেন্দ্রের ফটকের সামনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছা. হালিমা খাতুনের কর্মী-সমর্থকেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটাদের কাছে ভোট চান। একই সময়ে ওই কেন্দ্রের সামনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম মো. ওয়ালিদের পক্ষে শতাধিক কর্মী-সমর্থক স্লোগান দেন। এ ব্যাপারে ফটকের সামনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের প্রশ্ন করা হলে তাঁদের একজন বলেন, ‘সারা দিন পরিবেশ স্বাভাবিক ছিল। এখন তো সময় প্রায় শেষ। তাই এই অবস্থা।’
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কেন্দ্রে ভোটারদের আনা-নেওয়ার জন্য কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। কিন্তু সকাল ১০টার দিকে সদর উপজেলার চরনিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আশরাফ হোসাইনের পোস্টার সাঁটানো একটি ব্যাটারিচালিত ইজিবাইকে চড়ে ছয়-সাতজন ভোটার আসেন। জানতে চাইলে ইজিবাইকে থাকা রাঘবপুর গ্রামের ভোটার সোহরাব উদ্দিন জানান, গাড়ি কে দিয়েছে, তা তিনি জানেন না। আসার সময় সবার সঙ্গে তিনি উঠেছেন। চালক স্বপন ফকির জানান, যুবলীগের এক নেতা ভোটারদের আনা-নেওয়ার জন্য সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৭৫০ টাকায় গাড়িটি ভাড়া করেন।
ময়মনসিংহ সদর উপজেলার কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আশরাফ হোসাইন, দলের ‘বিদ্রোহী’ প্রার্থী আফাজ উদ্দিন সরকার ও বিএনপি-সমর্থিত প্রার্থী কামরুল ইসলাম মো. ওয়ালিদের ছবি ও প্রতীকসহ স্টিকারে ভোটকেন্দ্রে আসা ভোটারদের নম্বর লিখে দেওয়া হচ্ছে। ভোটাররা সেই স্টিকার নিয়ে কক্ষে প্রবেশ করছেন। জানতে চাইলে রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মঞ্জুরুল হক ও আকুয়া আল জামিয়াতুল আশরাফিয়া দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হক বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এলে আমরা ভোটারদের সাদা কাগজে ভোটার নম্বর লিখে আনতে বলি।’
নির্বাচনসংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানান, সদর উপজেলা নির্বাচনে ৫০ থেকে ৬০ শতাংশ ভোট পড়েছে।