ময়মনসিংহ শহরের নতুন বাজার রেলক্রসিং এলাকায় গত সোমবার মধ্যরাতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে শাহজাহান ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে।পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহজাহান মোটরসাইকেলে করে দুই বন্ধু সানি ও ফরহাদকে নিয়ে শহরের ত্রিশাল বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। নতুন বাজার রেলক্রসিং পার হওয়ার সময় ওই এলাকার হাবেজ মিয়ার ছেলে সেলিম মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর রেলক্রসিং সিগন্যাল রুমে (ঘণ্টিঘর) নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় গুলিতে ঘটনাস্থলেই শাহজাহানের মৃত্যু হয়। ধারালো অস্ত্রের আঘাতে সানি ও ফরহাদ আহত হন। আহত অবস্থায় তাঁরা দৌড়ে পালিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পুলিশ প্রহরায় তাঁরা সেখানেই চিকিৎসা নিচ্ছেন। সানি শহরের শ্যামাচরণ রায় সড়কের নুরুজ্জামানের ছেলে ও ফরহাদ ডিবি সড়কের কাজী আছমত আলীর ছেলে। ময়মনসিংহ রেলওয়ে থানার পুলিশ মঙ্গলবার ভোররাতে ঘণ্টিঘর থেকে শাহজাহানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত শাহজাহান শহরের বড়বাজার এলাকার মৃত আবদুল লতিফের ছেলে। তিনি মোটর মেকানিকের কাজ করতেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই মো. আনোয়ার হোসেন গতকাল মঙ্গলবার জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় সেলিমসহ আজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। আনোয়ার হোসেন জানান, সেলিম দুই দিন আগে লোকজন নিয়ে তাঁদের বাসায় গিয়ে শাহজাহানকে শাসিয়ে আসে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল জামালপুর রেলওয়ের থানার অধীনে হওয়ায় সেখানেই মামলা হয়েছে।