ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল সন্ত্রাসী গতকাল মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির আঞ্চলিক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ শহরের স্টেশন রোডে অবস্থিত ব্যাংকটির ওই কার্যালয়ের ব্যবস্থাপক এবং ওই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুর রশিদ খান জানান, মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে তাঁর মুঠোফোনে ফোন দিয়ে একজন বলেন, আঞ্চলিক প্রতিনিধি নির্বাচনে কামরুজ্জামান নামের প্রার্থীকে বিজয়ী করাতে হবে। অপর প্রার্থী মোজামেঞ্চল হক নির্বাচিত হলে তাঁকে (রশিদ খান) মেরে ফেলা হবে। এ সময় তিনি ওই ব্যক্তিকে বলেন, নির্বাচনে যা হবে তা-ই। কোনোভাবেই ফলাফল প্রভাবিত করা যাবে না। এর কিছুক্ষণ পরেই একদল সন্ত্রাসী ব্যাংকে এসে হামলা চালায় এবং আসবাব ভাঙচুর করে। জেলা ছাত্রলীগের সভাপতি তাজউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া ওই দুই প্রার্থী আমার পরিচিত। তাঁরা আমাকে ফোন করে তাঁদের জন্য সুপারিশ করতে অনুরোধ করেছেন। কিন্তু আমি কারোর জন্যই সুপারিশ করিনি। আমার পরিচয় দিয়ে হয়তো অন্য কেউ ফোন দিয়েছে।’