ময়মনসিংহে ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থানে পাঁচ-ছয় দিন ধরে ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসা করছে। বিদ্যুৎ লাইনের উন্নয়নকাজের জন্য এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ আগাম ঘোষণাও দেয়নি। এ ঘটনায় গ্রাহকেরা চরম দুর্ভোগে পড়েছেন।
ময়মনসিংহ শহরের নতুন বাজার, কলেজ রোড, ধোপাখলা, আকুয়া, মাদ্রাসা কোয়ার্টার ও স্টেশন রোডের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ-ছয় দিন ধরে দিনে ও রাতে তিন-চারবার বিদ্যুৎ যাচ্ছে। প্রতিবার ৩০ মিনিট থেকে এক ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই সব এলাকার মানুষ। বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে পানিও থাকছে না। ইলেকট্রনিক সামগ্রী ও যন্ত্রপাতি ঠিকমতো চালানো যাচ্ছে না। এতে পরিবারের লোকজনের দৈনদিন কাজ ব্যাহত হচ্ছে। বিভিন্ন অফিসে কাজে বিঘ্ন ঘটছে।
পিডিবির বিদ্যুৎ বিতরণ অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী এ কে এম জসিম উদ্দিন বলেন, ‘আমি শুনেছি কোনো একটা উন্নয়নকাজের জন্য সাময়িক সমস্যা হচ্ছে।’ ময়মনসিংহের কেওয়াটখালীতে অবস্থিত গ্রিডে যোগাযোগ করে জানা গেছে, কেওয়াটখালী বাইপাস সড়কে একটা উন্নয়নকাজের জন্য ৩৩ কেভি বিদ্যুতের ফিডার শুধু গতকাল মঙ্গলবার বন্ধ ছিল। কিন্তু এর আগে এ রকম হয়নি।
পরে এ কে এম জসিম উদ্দিনের সঙ্গে আবারও যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি দুদিন আগে এখানে যোগদান করেছি। বিষয়টি কেন হচ্ছে তা খোঁজ নিতে হবে।’