ময়মনসিংহে চার ইটভাটা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলার বাড়েরা নামক স্থানে পরিবেশ অধিদপ্তরের বিশেষ দল অভিযান চালিয়ে পরিবেশবিধ্বংসী অবৈধ ড্রাম-চিমনির চারটি ইটভাটা উচ্ছেদ করেছে। একই সঙ্গে অবৈধ ইটভাটাগুলোকে পরিবেশদূষণের দায়ে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা এবং বেআইনিভাবে তৈরি সাত লাখ ইট ও এক মেট্রিক টন জ্বালানি কাঠও জব্দ করা হয়েছে।গতকাল বুধবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযানে র‌্যাব-৯, জেলা পুলিশ, ফায়ার ব্রিগেড ও জেলা পরিবেশ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন। এ সময় অদিপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আবুল মনসুরও উপস্থিত ছিলেন।জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় বিভিন্ন শ্রেণীর ২৪৯টি ইটভাটা রয়েছে। আর এসব ইটভাটার মধ্যে ১২০ ফুট উচ্চতার ড্রাম-চিমনির ভাটা রয়েছে ১৪৫টি, ২০-৩০ ফুট উচ্চতার ড্রাম-চিমনি ৫৯টি, জিগজাগ ইটভাটা ৪৩টি ও হাইব্রিড হফমেন অটো মিল রয়েছে দুটি। আর এগুলোর মধ্যে জিগজাগ ১১টি ও অটো দুটির পরিবেশ ছাড়পত্র আছে। জিগজাগ আরও কয়েকটি ইটভাটার আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া বাকি সব ইটভাটা অবৈধভাবে বছরের পর বছর ধরে কাঠ পুড়িয়ে ইট তৈরি করছে।কার্যালয় সূত্রে আরও জানা গেছে, উচ্ছেদকৃত অবৈধ ইটভাটাগুলো হচ্ছে রতন ব্রিকস, সিয়াম ব্রিকস, নূর ব্রিকস ও এইচআরবি ব্রিকস। ইটভাটাগুলোর মালিকেরা হলেন রতন ব্রিকসের মো. রতন মিয়া, সিয়াম ব্রিকসের মো. জাকির হোসেন, নূর ব্রিকসের মো. আশরাফুল ইসলাম ও এইচআরবি ব্রিকসের মো. আবদুল কদ্দুস। এসব ইটভাটার মালিকেরা ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে ১৫-২০ বছর ধরে অবৈধভাবে ড্রাম-চিমনি ব্যবহার করে কাঠ দিয়ে ইট পোড়াচ্ছেন বলে দাবি করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল আজিম।সহকারী পরিচালক আবদুল আজিম আরও জানান, সদর উপজেলার এই চার ইটভাটার মতো আরও ছয়টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটার পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন নেই। পরিবেশ অধিদপ্তরের পরিচালক চারটি ভাটার ইট তৈরির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, অবৈধ এসব ইটভাটায় কাঠ পোড়ানোর কারণে প্রতিদিন শত শত টন কার্বন নির্গত হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। বিশেষ করে এসব ভাটার কারণে কৃষিজমির টপ সয়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ইটভাটার মতো পরিবেশ ছাড়পত্র এবং জেলা প্রশাসনের অনুমোদন না নিয়ে যেসব ইটভাটা চলছে, সেগুলোতেও অভিযান চালানো হবে।