ময়মনসিংহে চার উপজেলা বিদ্যুৎহীন ছিল ৪২ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়ে ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট, তারাকান্দা ও ফুলপুর উপজেলা গত শুক্রবার রাত থেকে ৪২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকে। একই কারণে শেরপুরের নালিতাবাড়ীর দক্ষিণ রানীগাঁও ও গোল্লারপাড় গ্রাম গতকাল রোববার পর্যন্ত টানা তিন দিন বিদ্যুৎহীন রয়েছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর অধীন গ্রাহকেরা বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ওই চারটি উপজেলায় বিদ্যুৎ চলে যায়। এরপর টানা ৩৬ ঘণ্টা পর গতকাল সকাল ১০টার দিকে বিদ্যুৎ আসে। এর এক ঘণ্টা পর আবারও বিদ্যুৎ চলে যাওয়ার পর বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। এ ছাড়া গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলায়ও সম্প্রতি ব্যাপক লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে।
ওই চার উপজেলার মানুষ বলেন, বিকেল পাঁচটার দিকে বিদ্যুৎ এলেও এক ঘণ্টা পরপর চলে যাচ্ছে। এ কারণে মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ধোবাউড়ার মানুষ। হালুয়াঘাট, ফুলপুর ও তারাকান্দা উপজেলা সদরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংযোগ থাকলেও ধোবাউড়ায় শুধু পল্লী বিদ্যুতের সংযোগ। বিদ্যুতের দাবিতে এখানকার মানুষ শনিবার রাত ১০টার দিকে পল্লী বিদ্যুতের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এ সময় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা মুঠোফোন বন্ধ করে রাখেন। বিদ্যুৎ কখন আসতে পারে, সে খোঁজ নিতেও পারেন না তাঁরা।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল দুপুরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর জিএমের মুঠোফোনে কল করা হলে দীর্ঘ সময় সেটি বন্ধ পাওয়া যায়।
পল্লী বিদ্যুৎ সমিতির ধোবাউড়া কার্যালয়ের প্রকৌশলী আমজাদ আলী বলেন, নেত্রকোনা থেকে ধোবাউড়া, হালুয়াঘাট, তারাকান্দা ও ফুলপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেই সঞ্চালন লাইনে নেত্রকোনায় ঝড়ে গাছ পড়ায় গতকাল সকাল পর্যন্ত বিদ্যুৎ ছিল না। সকাল ১০টার পর বিদ্যুৎ না থাকার কারণ লোডশেডিং হতে পারে। ওই চারটি উপজেলার জন্য ১৩ মেগাওয়াট বিদ্যুতের দরকার। পাওয়া যায় ৫ মেগাওয়াট।
তিন দিন বিদ্যুৎ নেই নালিতাবাড়ীতে
দক্ষিণ রানীগাঁও গ্রামের মো. হারুন অর রশিদ ও গোল্লারপাড় গ্রামের মো. জহুরুল ইসলামসহ কয়েকজন গ্রাহক বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে ঝড়ে দক্ষিণ রানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বিদ্যুতের তারের ওপর গাছ ভেঙে পড়ে। এ সময় গ্রাম দুটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গতকাল রাত আটটা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। এ কারণে দুটি গ্রামের ৫০ জন গ্রাহকের পরিবার দুর্ভোগ পোহাচ্ছে। তাঁরা দ্রুত সংযোগ দিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।