ময়মনসিংহে ছাত্র-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২৫
ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে গতকাল সোমবার পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ক্যাম্পাসে অব্যাহত ছিনতাই, চুরি, চাঁদাবাজি ও ইভ টিজিংয়ের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীরা শহরের শহীদ নজরুল ইসলাম চত্বরে (টাউন হল মোড়) সড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ কমপক্ষে ১১টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় ফটোসাংবাদিক, পুলিশ, শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা টাউন হল মোড়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ জানায়, এ ঘটনায় আহত একজন উপপরিদর্শকসহ আহত পুলিশের পাঁচ সদস্যকে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আজিজ আহমেদ সাদেক রেজা জানান, গত রোববার কলেজ ক্যাম্পাসের সাইকেল স্ট্যান্ডের কাছে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নজরুল ইসলামকে চার ছিনতাইকারী মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাই, চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল শিক্ষার্থীরা টাউন হল মোড়ে মানববন্ধন করার সময় পুলিশ বাধা দিলে ঘটনার সূত্রপাত হয়।অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সোবহান বলেন, কলেজে ভাঙচুর হচ্ছে জেনে পুলিশ কলেজে যাওয়ার পথে ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি বলেন, ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ বাধ্য হয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।