ময়মনসিংহে ছাত্রলীগ সভাপতি সাত দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি তাজউদ্দিন আহমেদ এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন৷ এর মধ্যেই আজ শনিবার জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন হবে৷ দুপুর ১২টায় রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ সম্মেলনে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হবে৷
সম্মেলন সামনে রেখে গতকাল শুক্রবার ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে৷ নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের সাবেক ও বর্তমান কয়েকজন নেতা প্রথম আলোকে জানান, ২০১০ সালে গঠিত কমিটিতে তাজউদ্দিন জেলা ছাত্রলীগের সভাপতি হন৷ তিনি আর কিছুদিন এ পদে থাকার জন্য দাবি জানিয়েছিলেন৷ কিন্তু তাঁর দাবি না মেনে সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত করায় অভিমানে তিনি আত্মগোপন করে থাকতে পারেন৷
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ বি এম আক্তারুজ্জামান বলেন, ‘তাজউদ্দিনের নিখোঁজের ঘটনায় আমরা সবাই চিন্তিত৷ তাঁকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রলীগও নানা উপায়ে চেষ্টা করছে৷ তবে সম্মেলন হবে৷’