ময়মনসিংহে ছাত্রলীগের হামলায় ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত
ময়মনসিংহে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যোগ না দেওয়ায় ছাত্রলীগের কর্মীরা গতকাল মঙ্গলবার গৌরীপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের উপজেলা ও কলেজ শাখার নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হন।ছাত্র ইউনিয়নের অভিযোগ, মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করে ছাত্রলীগ। এতে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী ও সমর্থক ছাত্ররা যোগ না দেওয়ায় উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। ছাত্র ইউনিয়ন তাৎক্ষণিকভাবে বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ রোড এলাকায় ছাত্রলীগের কর্মীরা ছাত্র ইউনিয়নের নেতাদের একটি মেসে দ্বিতীয় দফা হামলা চালায়। এ সময় ছাত্রলীগের কর্মীরা ছাত্র ইউনিয়নের নেতাদের টেনেহিঁচড়ে রাস্তায় ফেলে কিল-ঘুষি ও লাথি মারে। এতে উপজেলা ছাত্র ইউনিয়নের স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক মাসুদ রানা, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান ও কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম আহত হন। আহত ছাত্রনেতাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।