ময়মনসিংহে ছাত্রের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী রাইসুল ইসলাম ওরফে রাসেলের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করার দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করা হয়েছে। শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ময়মনসিংহ ও ত্রিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও গ্রামের বাসিন্দারা অংশ নেন। রাইসুলের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামে। তার বাবার নাম আবদুর রশিদ। সে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার একটি মেসে গত সোমবার দুপুরে রাইসুলের মৃত্যু হয়। এ সময় ওই মেসে কেউ ছিল না। ওই দিনই পুলিশ রাইসুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বৈদ্যুতিক পাখার আঘাতে তার মৃত্যু হয় বলে পুলিশ জানালেও মৃত্যুর আলামত দেখে স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ দেখা দেয়।
মানববন্ধনে উপস্থিত অনেকে বলেন, যে ঘরে রাইসুল মারা যায় সে ঘরের বৈদ্যুতিক পাখা অনেক উঁচুতে। কোনোভাবেই পাখা মাথায় লাগতে পারে না। এ ঘটনার তদন্ত হওয়া উচিত।
নিহত ব্যক্তির বড় ভাই জাহিদ হাসান বলেন, তাঁরা তিন ভাই ও তাঁদের বাবা ঢাকায় থাকেন। ঘটনার দিন তাঁদের আসার আগেই পুলিশ লাশ উদ্ধার করে। তবে কেওয়াটখালী এলাকার মানুষ ও রাইসুলের সহপাঠী-শিক্ষকেরা ধারণা করছেন এটা হত্যাকাণ্ড। তাঁরা এই ঘটনার সঠিক তদন্ত চান।