ময়মনসিংহে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার সাতজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহর থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার সাতজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার বিকেলে পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করলে ৩ নম্বর আমলি আদালত তাঁদের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন।
গত মঙ্গলবার রাতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার সাতজনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত করছে। গত সোমবার দুপুরে ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে।
এদিকে ঢাকা থেকে গত মঙ্গলবার রাতে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাঁকে গতকাল ময়মনসিংহের আদালতে হাজির করা হয়নি।
এদিকে গ্রেপ্তারকৃত সন্দেহভাজন জঙ্গিদের একজন ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।
এ বিষয়ে বাগবেড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন বলেন, ‘আল আমিন দেড় বছর আগে গঠিত ইউনিয়ন ছাত্রলীগ কমিটির সহসভাপতি।’
এদিকে গতকাল ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আল আমিনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আল আমিনের ছাত্রলীগ পরিচয় সত্যি হলে সে ষড়যন্ত্রকারী।’