ময়মনসিংহে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ১০
ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চল পরানগঞ্জ ইউনিয়নের সানাদিয়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় একজন নিহত এবং মহিলাসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।থানার পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের সানাদিয়া গ্রামের নিহত কৃষক মো. ছাবেদ আলীর (৪০) সঙ্গে প্রতিবেশী মো. সোহাগ মিয়া গংদের একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ছাবেদ আলীকে মৃত ঘোষণা করেন। তা ছাড়া গুরুতর আহত কুলসুম বেগম, মনোয়ারা বেগম, শাহ আলম ও শামসুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্রের আঘাতে ছাবেদ আলী খুন ও মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।