ময়মনসিংহে জাতীয় জাদু উৎসব শুরু
ময়মনসিংহে দুই দিনব্যাপী জাতীয় জাদু উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। কনসাল ম্যাজিক একাডেমির আয়োজনে উৎসবে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও কনসাল ম্যাজিক একাডেমির শতাধিক জাদুশিল্পী অংশ নেন। এঁদের মধ্যে রয়েছেন জাদুশিল্পী উলফাৎ কবীর, এ বি সিদ্দিক, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ও জাদুশিল্পী পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ জাদুশিল্পী পরিষদের সভাপতি হেদায়েত উল্লাহ খান, খালেকুজ্জামান খান, কনসাল ম্যাজিক একাডেমির সভাপতি ওয়াছেল। একের পর এক জাদু দেখে মিলনায়তনভর্তি বিভিন্ন বয়সী দর্শকেরা অভিভূত হয়। কনসাল ম্যাজিক একাডেমির উপদেষ্টা শাহ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, বিভাগীয় শহরের বাইরে ময়মনসিংহে প্রথম জাতীয় জাদু উৎসব আয়োজন করায় ময়মনসিংহবাসী কৃতজ্ঞ। জাদুতে অস্কারখ্যাত যুক্তরাষ্ট্রের ‘স্ফিংস’ পুরস্কার বিজয়ী পিসি সরকারের বাড়ি বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইল জেলায়। আজকের এ আয়োজন হয়তো আগামী দিনে ময়মনসিংহে নতুন পিসি সরকার জন্ম নিতে উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠানে জাদুশিল্পী নেতা হেদায়েত উল্লাহ খান বলেন, জাদুশিল্পীরা নিজ অর্থে অনুষ্ঠানের আয়োজন করে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন। এ শিল্পে সরকারের বিশেষ সহযোগিতা প্রয়োজন। স্থানীয় জাদুশিল্পী প্রথম আলো বন্ধুসভার ময়মনসিংহের সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন বলেন, ‘এমন বড় আয়োজন ময়মনসিংহে হওয়ায় আমরা স্থানীয় জাদুশিল্পীরা বেশ উৎসাহিত হয়েছি। আশা করছি উৎসব দেখে দর্শকেরাও যেমন খুশি হবেন, আমরা স্থানীয় শিল্পীরাও তেমনি উপকৃত হব।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, টাঙ্গাইলের পিসি সরকার মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রমুখ।