ময়মনসিংহে জাপার সাংসদ হান্নানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সাংসদ এম এ হান্নানসহ তিনজনের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা করেছেন শহীদ এক মুক্তিযোদ্ধার স্ত্রী। গতকাল মঙ্গলবার ময়মনসিংহের বিচারিক হাকিম আদালতে এ মামলা করা হয়।
গতকাল দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে আদালতে এ মামলা করেন। বিচারিক হাকিম আদালত মামলাটি আমলে নিয়ে নথি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দিয়েছেন। মামলায় অন্য যে দুজনকে আসামি করা হয়েছে, তাঁরা হলেন ফকরুজ্জামান ও গোলাম রব্বানী।
আদালত সূত্রে জানা যায়, একাত্তরের অক্টোবরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর মুন্সীপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রহমানকে জেলার গৌরীপুর উপজেলা থেকে ধরে নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পাকিস্তানি সেনাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। শান্তি কমিটির নেতা এম এ হান্নান এবং তাঁর সহযোগী ফকরুজ্জামান ও গোলাম রব্বানী এ কাজ করেন। ক্যাম্পে আবদুর রহমানকে আটকে রেখে নির্যাতনের পর হত্যা করা হয়।
এ বিষয়ে জাতীয় পার্টির (জাপা) সাংসদ এম এ হান্নানের বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।