ময়মনসিংহে জিপিএ-৫ বেড়েছে ৫৯ শতাংশ
ময়মনসিংহ জেলায় গত বছরের তুলনায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ বেড়েছে ৫৯ শতাংশ৷ ১৩টি উপজেলা থেকে গত বছর জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৮০৪ জন শিক্ষার্থী৷ এ বছর জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৫০ জন৷
হালুয়াঘাট উপজেলায় গত বছরের তুলনায় এবার তিন গুণ এবং ধোবাউড়ায় চার গুণ বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে৷ জেলা শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, এবার ১৩টি উপজেলা থেকে মোট ৩২ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নেয়৷ এর মধ্যে পাস করেছে ২৯ হাজার ৮৫৭ জন৷ পাসের হার ৯১ দশমিক ২২৷ জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৫০ জন৷ ২০১৩ সালে ৩০ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ২৫ হাজার ৫৬৬ জন৷ পাসের হার ছিল ৮৪ দশমিক ১৭ শতাংশ৷ জিপিএ-৫ পায় এক হাজার ৮০৪ জন৷
জিপিএ-৫ বাড়লেও ঢাকা বোর্ডে সেরা ২০টি স্কুলের তালিকায় ময়মনসিংহের মাত্র দুটি স্কুল স্থান পেয়েছে৷ স্কুল দুটি হলো ময়মনসিংহ জিলা স্কুল (১৩তম) ও ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ (১৮তম)৷ গত বছর চারটি স্কুল স্থান পেয়েছিল৷