ময়মনসিংহে ট্রাকচাপায় দুই কিশোর নিহত
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত ও একজন আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গোয়াতলা এলাকার শসা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরেরা হলো তারাকান্দা উপজেলার রণকান্দা গ্রামের উজ্জ্বল মিয়া (১৬) ও ইয়াকুব আলী (১৪)।
দুর্ঘটনায় নিজাম উদ্দিন (১৬) নামের অপর এক কিশোর আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে উজ্জ্বল, ইয়াকুব ও নিজাম একটি মোটরসাইকেলে চড়ে গোয়াতলা বাজার থেকে ফুলপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিল।
তারাকান্দা উপজেলার শসা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল ও ইয়াকুব নিহত হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ বলেন, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে কি না, সেটি নিহত কিশোরদের পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।