ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় পুলিশসহ নিহত ২

ময়মনসিংহ সদরের শিকারীকান্দায় বাইপাসে আজ বুধবার ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ছয়টায় ঢাকা-ময়মনসিংহ সড়কের শিকারীকান্দায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের মধ্যে একজন সাইফুল ইসলাম (৩০)। তিনি পুলিশ কনস্টেবল ছিলেন। গাজীপুরে গোয়েন্দা পুলিশে কাজ করতেন। তাঁর বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়। নিহত আরেক ব্যক্তির নাম আবুল হোসেন (২৮)। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়।
পুলিশ জানায়, নিহত দুজন ঈদের ছুটিতে বাড়িতে ফিরছিলেন। আজ তাঁরা শিকারীকান্দায় মহাসড়কে নিজ নিজ এলাকায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। ট্রাকের চালক ট্রাকটি নিয়ে দ্রুত চলে যান। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
দুজনের লাশ কোতোয়ালি থানায় আছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।