ময়মনসিংহে ট্রেনে ডাকাতি
ময়মনসিংহ-নেত্রকোনা রেলপথের গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে গত মঙ্গলবার রাতে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদলের ছুরিকাঘাতে ট্রেনের ১০ জন যাত্রী আহত হয়। পরে উত্তেজিত যাত্রীরা ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দিলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়। ময়মনসিংহ রেলওয়ে পুলিশ, ট্রেনের যাত্রী ও স্থানীয়দের ভাষ্যমতে, নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল আপ ট্রেনটি গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে রাত সাড়ে নয়টার দিকে একদল ডাকাত ট্রেনটির ৪ নম্বর বগিতে ডাকাতি শুরু করে। দুর্বৃত্তরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতদলের এলোপাতাড়ি ছুড়িকাঘাতে ১০ জন যাত্রী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতির পর ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ রেলস্টেশনে পৌঁছালে রাত সোয়া ১০টার দিকে উত্তেজিত যাত্রীরা একটি বগিতে আগুন ধরিয়ে দেয়। শম্ভুগঞ্জ রেলস্টেশনের মাস্টার আমিনুল ইসলাম জানান, ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা হঠাৎ বগিতে আগুন ধরিয়ে দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।স্থানীয় বাসিন্দা কলেজছাত্র নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘যাত্রীদের চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে দেখি, ট্রেনের বগিতে আগুন জ্বলছে। এ সময় অন্ধ এক ব্যক্তিকে ট্রেনের ধোঁয়া থেকে উদ্ধার করি। এ ছাড়া আরও প্রায় ১০-১৫ জন যাত্রীকে আহত অবস্থায় বেরিয়ে আসতে দেখেছি।’ ট্রেনটির পরিচালক (গার্ড) রুকুন উদ্দিন জানান, ট্রেনটিতে রেলওয়ের কোনো নিরাপত্তাকর্মী ও জিআরপি পুলিশ ছিল না। এ কারণে ডাকাতেরা নির্বিঘ্নে ডাকাতি করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় রেল বিভাগ গতকাল বুধবার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্য রেলওয়ের এটিও মজিবুর রহমান জানান, তাঁরা এরই মধ্যে তদন্তের কাজ শুরু করেছেন। ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত (বুধবার) কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান গতকাল রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে জানান, দায়িত্বে অবহেলার কারণে গৌরীপুর রেলওয়ের পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. আবদুস সামাদকে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।