ময়মনসিংহে ডিসি ও ইউএনওকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) লোকমান হোসেন মিয়া এবং নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া পারভীন ও তাঁদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। দুজনের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়েছে।ঢাকায় অবস্থানকারী ইউএনও জাকিয়া পারভীন গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মুঠোফোনে একটি বার্তা আসে। এতে লেখা ছিল, ‘ইউএনও জাকিয়া, আমি সন্ত্রাসী টিপু, আগামী দুই দিনের মধ্যে চণ্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান এমদাদের সাথে মামলা মীমাংসা না করলে তুইসহ তোর ফ্যামিলির মেম্বারদের হত্যা করব। মনে থাকে যেন। সময় মাত্র দুই দিন, বাই।’এ ঘটনায় নান্দাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ডিসি লোকমান হোসেনের মুঠোফোনেও একই বার্তা পাঠানো হয়েছে বলে জানান ইউএনও।যোগাযোগ করা হলে ডিসি লোকমান হোসেন এসএমএস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইউএনওকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান এমদাদুল হক বলেন, ইউএনও তাঁর সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করেছেন।