ময়মনসিংহে তালিকাভুক্ত সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের আকুয়া কাজীপট্টি এলাকায় গতকাল শুক্রবার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শফিকুল ইসলাম ওরফে সেলিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শফিকুল একই এলাকার চৌরঙ্গী মোড়ে তাঁর শ্বশুরবাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শফিকুল দুপুরে মোটরসাইকেলে করে তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এ সময় পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসী ওই এলাকায় তাঁর গতিরোধ করে। পরে তারা তাঁকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী শফিকুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শফিকুলের পরিবার জানায়, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা জানান, বড় রাজনৈতিক দলে ও অঙ্গসংগঠনে অনেকেই সম্পৃক্ত থাকেন। সবাইকে চেনা সম্ভব নয়। তবে রাজনৈতিক কারণে তাঁকে হত্যা করা হয়নি বলে তাঁর ধারণা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, শফিকুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র, চাঁদাবাজিসহ কমপক্ষে ছয়টি মামলা রয়েছে।