ময়মনসিংহে তিন কলেজের ধারাবাহিক সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এবারও ভালো ফলাফল করেছে। ধারাবাহিক সাফল্য ধরে রেখে জেলার তিনটি কলেজ বোর্ডের সেরা ২০-এর তালিকায় স্থান করে নিয়েছে।ঢাকা শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান লাভ করেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। এ ছাড়া ময়মনসিংহ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ১৫তম ও ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০তম স্থান লাভ করেছে। ভালো ফলাফল করায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকেরাও আনন্দিত। ২০১০ সালে ঢাকা বোর্ডে কলেজ তিনটির অবস্থান ছিল যথাক্রমে প্রথম, ১৪তম ও ১৯তম।এবারের এইচএসসি পরীক্ষায় জেলার মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ২৮৯ জন। পাস করেছেন ১৩ হাজার ৩১৪ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ১২৪ জন। জেলায় পাসের হার ৭২ দশমিক ৮০ শতাংশ। আর সবচেয়ে ভালো ফল করেছেন ব্যবসায় শাখার শিক্ষার্থীরা। ব্যবসায় শাখায় জেলায় পাসের হার ৮৩ দশমিক ৩৩ শতাংশ।ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন।শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ৭০৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭০১ জন। ৩৩৬ জন জিপিএ-৫ পেয়েছেন। আর ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪২৩ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন ৪২২ জন। ১৫০ জন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া জেলার সেরা পাঁচটি কলেজের মধ্যে চতুর্থ স্থানে আছে সরকারি মুমিনুন্নিসা কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৬৬০ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৬০৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৬৯ জন।আলিমেও বোর্ড-সেরা: আলিম পরীক্ষার ফলাফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডে সেরা ২০টি মাদ্রাসার মধ্যে ময়মনসিংহ জেলার তিনটি মাদ্রাসা স্থান করে নিয়েছে। ফুলবাড়িয়া উপজেলার বিদ্যানন্দ ফাজিল মাদ্রাসা বোর্ডে ১২তম স্থান লাভ করেছে। এ প্রতিষ্ঠান থেকে ৪৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন চারজন।বোর্ডে ১৩তম স্থান লাভ করেছে গৌরীপুরের শ্যামগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৮ জন। ১০ জন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদ্রাসার ৪৮ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন।