মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিন সহোদরের বিরুদ্ধে ময়মনসিংহের আমলী আদালতে মামলা করেছেন এক শহীদ মুক্তিযোদ্ধার ভাই। ওই অপরাধ বর্তমান ত্রিশাল উপজেলার ছলিমপুর গ্রাম ও পোড়াবাড়ী বাজার এলাকায় ঘটেছে বলে গতকাল সোমবার মামলায় অভিযোগ করা হয়।
মামলার আসামি তিন সহোদর হলেন মক্কেস আলী (৭৫), নুরুল ইসলাম (৬৮) ও নূর মোহাম্মদ (৬৫)। অপরাধ সংঘটনের জায়গা ত্রিশালের ছলিমপুর গ্রামেই তাঁদের বাড়ি। মামলায় ২০ থেকে ২৫ জন পাকিস্তানি সেনা ও ১০ থেকে ১২ জন রাজাকারকেও আসামি করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে তিন আসামি ও তাঁদের সহযোগীরা পাকিস্তানি সেনাদের নিয়ে ছলিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের বাড়িতে হানা দেন। হামলাকারীরা সেখানে লুটপাট চালান ও অগ্নিসংযোগ করেন। মামলার অভিযোগ, এ সময় বাদীর এক বোনকে ধর্ষণ করেন মক্কেস আলী। একই দিন পোড়াবাড়ী বাজার ও আশপাশের এলাকায় হামলা চালায় ওই দলটি। তাঁরা বাজারের প্রায় ৮০টি দোকানে আগুন দেন এবং এক নারীকে গণধর্ষণ করেন।
ছলিমপুর গ্রামের নিহত মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের ছোট ভাই আব্দুল লতিফ বাদী হয়ে ময়মনসিংহের ৩ নম্বর আমলী আদালতে মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, বিচারক মো. হাফিজ আল আসাদ মামলাটি গ্রহণ করে ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।