তিন সহোদরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ছলিমপুর গ্রামে ও তৎকালীন ফুলবাড়িয়া উপজেলার পোড়াবাড়ী বাজার এলাকায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে তিন সহোদরের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ সোমবার ময়মনসিংহের আমলি আদালতে আবদুল লতিফ নামের এক ব্যক্তি মামলাটি করেন। তিনি ছলিমপুর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের ভাই।
আসামি তিন সহোদর হলেন মক্কেস আলী (৭৫), নুরুল ইসলাম (৬৮) ও নূর মোহাম্মদ (৬৫)। তাঁদের বাড়ি ত্রিশাল উপজেলার ছলিমপুর গ্রামে। মামলায় একই অভিযোগে ২০ থেকে ২৫ জন পাকিস্তানি সেনা ও ১০ থেকে ১২ জন রাজাকারকেও আসামি করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে মামলার তিন আসামি ও তাঁদের সহযোগীরা পাকিস্তানি সেনাদের নিয়ে ছলিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের বাড়িতে আক্রমণ করে। এ সময় আক্রমণকারীরা বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে এবং বাদীর এক বোনকে মক্কেস আলী ধর্ষণ করে। একই দিন তৎকালীন ফুলবাড়িয়া উপজেলা বর্তমানে ত্রিশাল উপজেলার পোড়াবাড়ী বাজার ও আশপাশের এলাকায় হামলা চালায় ওই দল। বাজারে তারা প্রায় ৮০টি দোকানে আগুন দেয় এবং এক নারীকে গণধর্ষণ করে।

বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম চুন্নু বলেন, বিচারক মো. হাফিজ আল আসাদ মামলাটি গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।