ময়মনসিংহে দুই ছাত্রকে বেল্ট দিয়ে পেটালেন শিক্ষক!
ময়মনসিংহ শহরের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষক টিপু সুলতান এবার এই বিদ্যালয়ের দিবা শাখার সপ্তম শ্রেণীর দুই ছাত্রকে কোমরের বেল্ট দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাঈফ, তানজিল ও আশিক যে বেঞ্চটিতে বসেছিল সেটিতে কে বা কারা ‘আই লাভ ইউ অনিক’ লিখে রেখেছে। দুপুর একটায় বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক টিপু সুলতান পাঠদান করতে এসে ঘটনাটি জানতে পেরে ওই ছাত্রদের জেরা করেন। তারা লেখার কথা স্বীকার না করায় তিনি সাঈফকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সংশ্লিষ্ট ছাত্রীর কাছে ক্ষমা চাইতে বলেন। তানজিল ও আশিককে কিল-ঘুষি মারতে শুরু করেন।আহত আশিক ও তানজিল অভিযোগ করে বলে, ‘আমরা ওই বাক্যটি লিখিনি’—এ কথা বারবার বললেও স্যার আমাদের তেঁতুলের ডাল ও কোমরের বেল্ট দিয়ে পেটান।’ বিদ্যালয়ের শিক্ষক ও সাঈফের মা আমিনা বেগম বলেন, বিষয়টি সম্পর্কে জানতে চাওয়ায় শিক্ষক মিলনায়তনে তিনি (টিপু) আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। আমি তাঁর দ্রুত অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রধান শিক্ষক বরাবর আবেদন করেছি। এই আবেদনে একজন ছাড়া বিদ্যালয়ের সব শিক্ষক সুপারিশও করেছেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সিনিয়র সহকারী শিক্ষক আবুল কাসেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালকের মৌখিক নির্দেশে মঙ্গলবার বিকেলের মধ্যেই এ ঘটনার প্রতিবেদন পেশ করি। তিনি জানান, গত বছরের শেষ দিকে একই শিক্ষক নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে জুতা দিয়ে পেটান। সে ঘটনার তদন্ত শেষে তাঁকে সতর্ক করাসহ ওই শিক্ষার্থীর শ্রেণীতে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোহসীন জানান, তিনি ছাত্রদের আঘাত দেখেছেন। বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপু সুলতান সব অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক হিসেবে আমি কি আরেকজন শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করতে পারি? বেল্ট দিয়ে পেটাইনি। অন্যায় করায় ওই ছাত্রদের একটু শাসন করেছি।’