সিলেটের জৈন্তাপুরে গতকাল মঙ্গলবার ট্রাকের চাপায় দুই কৃষক নিহত হয়েছেন। একই দিন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের চাপায় দুই ছাত্রী নিহত হন। আর লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় এক লেগুনাচালক নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের চাপায় দুই ছাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চরশিহারির শর্শী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে স্বর্ণা আক্তার (১৩) ও শারমিন আক্তার (১৪)। স্বর্ণা ঈশ্বরগঞ্জ শহরের বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও উপজেলার কাঁকনহাটি গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। শারমীন আক্তার (১৪) ফানুর মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ও উপজেলার চরপুম্বাইল গ্রামের মৃত আবদুল হাইয়ের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরগঞ্জে উপজেলা সদর থেকে দুই বান্ধবী স্বর্ণা ও শারমীন ব্যাটারিচালিত ইজিবাইকে করে শর্শী এলাকায় গিয়ে নামে। ইজিবাইক থেকে নেমে ভাড়া পরিশোধ করার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক আহম্মেদ জানান, বাসটি পুলিশের জিম্মায় রয়েছে।
সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্তের কাছে সিলেট-তামাবিল মহাসড়কে গতকাল মঙ্গলবার ভোর ছয়টার দিকে ট্রাকের চাপায় দুই কৃষক নিহত হন। তাঁরা হলেন দরবস্তের বড়খলা গ্রামের আইয়ূব আলী (২৫) ও তাঁর ভাতিজা ফারুক আহমদ (২২)। খবর পেয়ে মহাসড়ক (হাইওয়ে) পুলিশ দুটো লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মহাসড়ক পুলিশ জানায়, নিজ জমিতে ভোরে হালচাষ করতে চারটি গরু নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তাঁরা। এ সময় একটি ট্রাক প্রথমে একটি গরুকে চাপা দিয়ে দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই আইয়ুব ও ফারুক নিহত হন।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের কাছে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লেগুনাকে ধাক্কা দিলে চালক হেলাল উদ্দিন (৩২) ঘটনাস্থলে নিহত হন। আহত হন চালকের সহকারী বেলায়েত হোসেন (১৮)। তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।