ময়মনসিংহে দুই নারী চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ ধাপের নির্বাচনে ময়মনসিংহের গফরগাঁও ও ভালুকা উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দুই নারী। দুজনই আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রার্থী হন।
এ দুজন হলেন গফরগাঁওয়ের দত্তেরবাজার ইউপিতে রোকসানা বেগম ও ভালুকার মেদুয়ারি ইউপিতে জেসমিন নাহার। গত ৪ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তাঁরা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এবারের ইউপি নির্বাচনে এ জেলায় আর কোনো নারী চেয়ারম্যান হননি।
দুজনের মধ্যে রোকসানা বেগম আগের মেয়াদেও একই ইউপিতে চেয়ারম্যান ছিলেন। তিনি বলেন, আগেরবার দলীয় মনোনয়নের ব্যাপার ছিল না। এবার আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা প্রতীক থাকায় গুরুত্বটা একটু বেশি। তিনি আরও বলেন, ‘নির্বাচনে আমার বেশির ভাগ কর্মী ও সমর্থকই ছিলেন পুরুষ। মাঠে কাজ করতে গিয়ে তাঁরা কখনো ভাবেননি যে একজন নারীর জন্য কাজ করছেন। তাঁরা আমাকে নিজেদের বোনের মতো ভেবে আমার পক্ষে কাজ করেছেন।’
জেলা আওয়ামী লীগের সদ্যবিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার বলেন, আওয়ামী লীগ নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। এই দুই নারী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়টি দলের জন্য বড় অর্জন।