ময়মনসিংহে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহ সদর উপজেলার বৈঠামারী গ্রামে গতকাল শনিবার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: মিজানুর রহমান (৩০) ও নুরুল হক (৪৫)। পুলিশ সূত্র জানায়, সংঘর্ষে আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের এ ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৬০ শতাংশ জমির মালিকানা নিয়ে বৈঠামারী গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেন ও শামছুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বেলায়েত হোসেনের দখলে থাকা বিরোধপূর্ণ ওই জমিতে সরিষার আবাদ করা হয়েছে। গতকাল সকালে বেলায়েত ওই জমি থেকে সরিষা উঠাতে গেলে শামছুল হক তাঁর পক্ষের লোকজন নিয়ে এতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে বেলায়েত হোসেনের পক্ষের মিজানুর রহমান (৩০) ও শামছুল হকের পক্ষের নুরুল হক (৪৫) ঘটনাস্থলে নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হন।পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষই মামলা করেনি।