ময়মনসিংহে দুই 'বিদ্রোহী' নিয়ে বেকায়দায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী দিতে পারায় সুবিধাজনক অবস্থায় রয়েছে বিএনপি। তবে একজন দলীয় ও দুজন ‘বিদ্রোহী’ প্রার্থী নিয়ে বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ। এ উপজেলায় দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে।
দলীয় সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য বিএনপির চারজন দলের সমর্থন চান। পরে দলীয় স্বার্থ বিবেচনা করে দুজন সরে দাঁড়ান। কিন্তু যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক আকন্দ ও ময়মনসিংহ কোতোয়ালি থানা বিএনপির সভাপতি কামরুল ইসলাম নিজ অবস্থানে অনড় থাকেন। শেষ পর্যন্ত তৃণমূলের ভোটে কামরুল ইসলাম দলীয় সমর্থন পান।
জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন বলেন, চেয়ারম্যান পদে দলের প্রার্থী একজন। সবাই তাঁর পক্ষে কাজ করছেন।
কামরুল ইসলাম বলেন, ‘দলে কোনো বিরোধ নেই। তাই দলীয় ভোট শতভাগ পাওয়ার পাশাপাশি নির্দলীয় ভোটও পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’
গত কয়েক দিন বিএনপির একাধিক নেতা-কর্মী ও সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, শতভাগ দলীয় ভোটপ্রাপ্তি নিশ্চিত করতে তাঁরা মাঠপর্যায়ে কাজ করছেন। তাঁদের ধারণা, জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী আবদুল মালেক সরকার প্রতিদ্বন্দ্বিতায় থাকায় জাতীয় পার্টির কোনো ভোট আওয়ামী লীগের প্রার্থী পাবেন না।
এদিকে তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের চারজন চেয়ারম্যান পদে দলের সমর্থন চান। দলটি প্রথমে তৃণমূলের ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নেয়। একমাত্র সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফাজ উদ্দিন সরকার তৃণমূলের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ফরম সংগ্রহ করেন। পরে তৃণমূলের ভোট গ্রহণের সিদ্ধান্ত বাতিল করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসাইনকে দলীয় সমর্থন দেন। এটা না মেনে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়ে যান ঘাতক দালাল নির্মূল কমিটির ময়মনসিংহ শাখার সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির এবং আফাজ উদ্দিন সরকার।
জেলা আওয়ামী লীগের সভাপতি (সাময়িক দায়িত্বপ্রাপ্ত) মজিবুর রহমান বলেন, যাঁরা আওয়ামী লীগকে মনেপ্রাণে ভালোবাসেন, তাঁরা আবশ্যই দল-সমর্থিত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
আফাজ উদ্দিন সরকার বলেন, ‘দলের সিদ্ধান্ত অনুয়ায়ী আমিই তৃণমূলের সমর্থন পাওয়ার জন্য নিয়ম মেনে আবেদন করি। তৃণমূলের নেতা-কর্মীরাও আমার পক্ষে আছেন।’ ফয়জুর রহমান ফকির বলেন, আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে কেন্দ্রীয় নির্দেশনা মানা হয়নি। তাই এখানে উন্মুক্ত নির্বাচন হচ্ছে।