ময়মনসিংহে দুটি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলার রহমতপুর এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, দুটি ম্যাগাজিন, ২৫ বোতল ফেনসিডিলসহ আনিস (৩৩) ও রুবেল (১৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুজনের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়।ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে অস্ত্র ও ফেনসিডিল লুকিয়ে রাখেন ওই দুই ব্যক্তি। গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানার সময় তাঁরা ধরা পড়েন। দুজনেই অস্ত্র ব্যবসায়ী চক্রের সঙ্গে জড়িত। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, এসব অস্ত্র ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। এরপর জয়পুরহাট-গাইবান্ধা হয়ে ময়মনসিংহে প্রবেশ করে। এসব অস্ত্রের চালান কোথায় বা কার কাছে সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, তা এখনো জানা যায়নি।উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, গতকাল রোববার ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য বহনের অভিযোগে ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে।