ময়মনসিংহে দুটি রোগনির্ণয় কেন্দ্রকে জরিমানা
ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায় আজ বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি রোগনির্ণয় কেন্দ্রকে জরিমানা এবং অপর একটিকে জরিমানা ও সিলগালা করেছে। যথাযথ অনুমোদন ও ল্যাব টেকনিশিয়ান না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে দুটি রোগনির্ণয় কেন্দ্র দুটিকে এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চরপাড়া এলাকায় অবস্থিত কথা ডায়াগনস্টিক সেন্টার ও ডেফোডিল মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় অনুমোদনহীন ও ল্যাব টেকনিশিয়ান না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে কথা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ওই ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। পরে একই এলাকায় অবস্থিত ডেফোডিল মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারকে ল্যাব টেকনিশিয়ান না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন দুটি রোগনির্ণয় কেন্দ্রকে জরিমানা এবং একটিকে সিলগালা করার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।