ময়মনসিংহে নিজ বাসায় স্বামী-স্ত্রী খুন
ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া গরুর খোঁয়াড় এলাকার নিজ বাড়িতে স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।
নিহত দম্পতি হলেন আবদুল হক (৭০) ও তাঁর স্ত্রী রাহাতুন্নেছা (৫৮)। আবদুল হক একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে আকুয়া গরুর খোঁয়াড় এলাকায় নিহত ওই দম্পতির বাসা থেকে এক যুবককে পালিয়ে যেতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে এলাকাবাসী মুস্তফা নামের ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি (মুস্তফা) এলাকাবাসীকে জানান, ওই বাড়িতে আবদুল হক ও রাহাতুন্নেছার লাশ পড়ে আছে।
পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলা কাটা অবস্থায় পড়ে থাকা লাশ দুটি উদ্ধার করে।
এলাকাবাসী জানান, নিহত এই দম্পতি তাঁদের তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন। অন্য দুটি তলা ভাড়া দেওয়া। এই দম্পতির সন্তানেরা পেশাগত কারণে ময়মনসিংহের বাইরে থাকেন। আর মুস্তফা ওই বাসায় আগে ভাড়া থাকতেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, এলাকাবাসীর সন্দেহের পরিপ্রেক্ষিতে মুস্তফাকে আটক করা হয়েছে।