ময়মনসিংহে নৌকাডুবিতে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে এক শিশু ও তিন নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বড়বিলা এলাকায় বড়বিল নামের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীরা হলো সুমি আক্তার (১২), রিনা আক্তার (২৮) ও সাজেদা বেগম (২৫)। নিহত অপর এক নারীর নাম এখনো জানা যায়নি। তাদের সবার বাড়ি রাঙামাটিয়া ইউনিয়নের বড়বিলা ও আশেপাশের গ্রামে বলে জানা গেছে। আহত কয়েকজনকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটিয়া ইউনিয়নের বাবুগঞ্জ বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৪৫০ জন অতিদরিদ্রকে ভিজিএফের চাল বিতরণ করা হয়। চাল নিয়ে বড়বিলা এলাকার নারীরা নৌকায় করে বড়বিল পার হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিলে হঠাত্ প্রচণ্ড বাতাস শুরু হলে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলেই রিনা আক্তার, সাজেদা বেগম, সুমি আক্তারসহ চারজনের মৃত্যু হয়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভুঁইয়া বলেন, নৌকা ডুবে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে আছে।