ময়মনসিংহে নয়জনের বিরুদ্ধে ৮ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা ও কোতোয়ালি থানা এলাকায় মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগে নয়জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক খান বলেন, অভিযুক্ত নয়জনের মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অন্য তিনজন পলাতক। তিনি বলেন, এই নয়জনের বিরুদ্ধে ১০১ জনকে হত্যা, ১৩ জনকে গুরুতর আহত করা, ১১২টি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং এক নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ৪২৯ পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদনে ৫২ জনকে সাক্ষী করা হয়েছে। গত বছরের ১৭ মে তদন্ত শুরু হয়। তদন্ত করেন রুহুল আমিন।
সংবাদ সম্মেলনে পলাতক তিনজনের নাম প্রকাশ না করা হলেও কারাগারে আটক ছয়জনের নাম প্রকাশ করা হয়। ওই ছয়জন হলেন মুক্তাগাছার কুড়িপাড়া গ্রামের আবদুস সালাম (৭৫) (আলবদর বাহিনীর সদস্য ছিলেন, বর্তমানে জামায়াতে ইসলামীর সমর্থক), ফকিরবাড়ি গ্রামের সুরুজ আলী ফকির (৬২) (রাজাকার বাহিনীর সদস্য ছিলেন, বর্তমানে আওয়ামী লীগের সমর্থক), শসাকান্দাপাড়া গ্রামের জয়েন উদ্দিন ফারুকী ওরফে জয়নাল মৌলভী (৬০) (রাজাকার বাহিনীর এই সদস্য বর্তমানে জামায়াতের সমর্থক), কলাকান্দা গ্রামের আবদুর রহিম ওরফে আবদুর রহিম মাস্টার ওরফে নূর বিএসসি (৬৭) (রাজাকার বাহিনীর সদস্য ছিলেন), বারকাহনিয়া গ্রামের রোস্তম আলী (৭০) (রাজাকার বাহিনীর সদস্য ছিলেন) এবং কোতোয়ালি থানার নিমতলা গ্রামের জালাল উদ্দিন (৫৯) (রাজাকার বাহিনীর সদস্য ছিলেন)।
রোস্তম আলী গত ৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন। বাকি পাঁচজন গ্রেপ্তার হন গত বছরের ৮ আগস্ট।