ময়মনসিংহে পতিতাপল্লি থেকে যৌনকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের রমেশ সেন রোডের পতিতাপল্লি থেকে গলায় ওড়না জড়ানো এক যৌনকর্মীর লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। গতকাল শনিবার দুপুরে পল্লির ১ নম্বর বাড়ির দোতলার ভাড়া করা ছোট খুপরিঘর থেকে নাসিমা আক্তার (২৫) নামের ওই যৌনকর্মীর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি দিনাজপুর জেলায়।নাসিমা আক্তার আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল শনিবার দুপুরে যৌনপল্লিতে গিয়ে দেখা গেছে, ঘরের বৈদ্যুতিক পাখায় ঝুলে থাকা নাসিমার হাঁটুর অংশ বিছানার সঙ্গে লেগে থাকলেও খাটে বিছানো চাদরটি একদম পরিপাটি।পুলিশের উপস্থিতিতে দোতলার বাসিন্দা যৌনকর্মী মৌ আক্তার জানান, সর্বশেষ গত শুক্রবার রাতে নাসিমার সঙ্গে তাঁর দেখা হয়েছে। নাসিমার বাড়ি দিনাজপুরে। সর্দারনির কাছ থেকে বছর খানেক আগে আলাদা হয়ে নাসিমা এই কক্ষ ভাড়া নিয়ে বসবাস ও ব্যবসা করতেন। শহরের এক স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। বছর খানেক ধরে নিয়মিত ওই লোক তাঁর কাছে আসা-যাওয়া করতেন। তাঁদের মধ্যে মাঝেমধ্যে ঝগড়া-বিবাদও হতো। গত শুক্রবার সন্ধ্যায় নাসিমাকে দেওয়ার জন্য ওই স্বর্ণ ব্যবসায়ী মৌয়ের কাছে একটি জেলি রেখে যান। তবে ওই ব্যবসায়ীর নাম তাঁর জানা নেই বলে মৌ দাবি করেন।