ময়মনসিংহে পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তি
ঢাকা বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের প্রথম দিনে গতকাল মঙ্গলবার ময়মনসিংহে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন।
গতকাল শহরের সব বাস টার্মিনাল ও সড়ক-মহাসড়কে পরিবহনশ্রমিকেরা সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক, টেম্পো ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচলে বাধা দেয়৷ তবে দাবি পূরণে পুিলশের আশ্বাসে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে৷ নেত্রকোনার জেলা প্রশাসককে প্রত্যাহার, পুলিশের চাঁদাবাজি বন্ধসহ কয়েকটি দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছিল৷
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শহরের পাটগুদাম আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, লাঠিসোঁটা হাতে নিয়ে পরিবহনশ্রমিকেরা সড়ক দখল করে আছেন। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, ফুলপুর, তারাকান্দা উপজেলায় কর্মক্ষেত্রে যেতে অনেককে দুর্ভোগ পোহাতে হয়৷ মোটরযান না পেয়ে অনেকে রিকশায় চড়ে কর্মস্থলে যান৷ এ সময় কয়েকজন যাত্রী বলেন, ময়মনসিংহ থেকে শম্ভুগঞ্জে যেতে ইজিবাইকের ভাড়া মাত্র ১০ টাকা। ইজিবাইক চলাচল বন্ধ করে দেওয়ায় ৬০ টাকা দিয়ে সেখানে যেতে হয়েছে।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-শেরপুর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, প্রতিটি বাসস্ট্যান্ডে অবরোধকারীরা লাঠিসোঁটা হাতে নিয়ে ইজিবাইক, টেম্পো ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচলে বাধা দিচ্ছেন। প্রচণ্ড রোদের মধ্যে অনেককে হেঁটে বাড়িতে বা কর্মস্থলের দিকে যেতে দেখা গেছে। দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত ময়মনসিংহ-শেরপুর সড়কের চায়না মোড়, কোদালধর বাসস্ট্যান্ড, গোপালপুর বাসস্ট্যান্ডে ইজিবাইক থেকে যাত্রীদের টেনেহিঁচড়ে নামিয়ে অপদস্থ করতে দেখা েগছে। এ সময় শ্রমিকেরা লাঠিসোঁটা দিয়ে ইজিবাইক ভাঙচুর করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের গোপালপুর বাসস্ট্যান্ডে শ্রমিক পরিচয়ে কয়েকজনকে ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকদের কাছ থেকে চাঁদাবাজি করতে দেখা যায়। অবরোধকারীদের কয়েকজনকে ১০ টাকা করে নিয়ে মোটরসাইকেল ও ইজিবাইক ছেড়ে দিতে দেখা যায়। এ ছাড়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। তবে কোনো সড়কেই পুলিশের উপস্থিতি চোখে পড়েনি।
জেলা মোটর মালিক সমিতি সূত্রে জানা গেছে, দাবি পূরণের ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক বলেন, ‘পরিবহন নেতাদের সঙ্গে আমাদের কথা ছিল, কোথাও কোনো নৈরাজ্য সৃষ্টি করবে না। এ জন্য পুলিশি টহল ছিল সীমিত। আর চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি।’
জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন জানান, ‘২৯ মে (বৃহস্পতিবার) পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঢাকা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে৷ তাঁরা আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।’